বলিউড অভিনেত্রী রাধিকা মদনের ছুটে গিয়েছিল ঘুম



প্রেমে পড়লে মানুষ নাওয়া-খাওয়া ভুলে যায়। বলিউড অভিনেত্রী রাধিকা মদনের ছুটে গিয়েছিল ঘুম। ৪৮ ঘণ্টা তাঁর চোখে ঘুম ছিল না।

শিদ্দত ছবির প্রচারণায় এখন জোর ব্যস্ত নায়িকা রাধিকা মদন। এই ছবিতে এক প্রেমিক যুগল প্রেমের স্বার্থে দুনিয়ার সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে প্রস্তুত। বাস্তবেও রাধিকার জীবনে এ রকম প্রেমের অনুভূতি এসেছে।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রেমের কারণে সবচেয়ে বড় পাগলামি কী করেছেন, জবাবে রাধিকা বলেছেন, ‘আমি লং ডিসটেন্স সম্পর্কে ছিলাম। আর আমার বয়ফ্রেন্ডের জন্মদিন ছিল। আমি তখন পাগলের মতো শুটিং করছিলাম। টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা শুটিং চলছিল। মনে আছে, শুটিং প্যাকআপের পর রাত একটা নাগাদ দিল্লির বিমান ধরেছিলাম। ভোর তিনটা নাগাদ সেখানে পৌঁছাই। ওর সঙ্গে দেখা করি। ওকে আলিঙ্গন করি। এক ঘণ্টার মতো সময় ওর সঙ্গে কাটাই। সকাল সাত-আটটা নাগাদ মুম্বাইয়ে ফিরে আসি। বিমানবন্দর থেকে সোজা ছবির সেটে চলে যাই। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাব বলে ৪৮ ঘণ্টা ঘুমায়নি। একবার দেখা করে আলিঙ্গন করার জন্য এভাবে ছুটে গিয়েছি। এটা দুই বছর আগের ঘটনা।’

শিদ্দত ছবিটি ১ অক্টোবর ওটিটিতে আসছে। বড় পর্দায় ছবিটি মুক্তি না পাওয়া নিয়ে রাধিকার কোনো আক্ষেপ আছে কি না, জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘আমি এতেই খুশি যে ছবিটা অবশেষে মুক্তি পাচ্ছে। আমার কাজ সবাই দেখতে পাবেন। মানুষকে বিনোদন দেওয়ার জন্য ছবি নির্মাণ করা হয়। তাই এখানে মাধ্যম কোনো ম্যাটার করে না।’

Comments